রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত
রাজধানীর ৩০০ ফিট এলাকায় বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় মুনতাসির মাসুদ (২২) নামে এক বুয়েট শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অমিত সাহা (২২) ও মেহেদী হাসান (২২) নামে তার দুই বন্ধু।
আজ শুক্রবার ভোর চারটার দিকে রাজধানীর ৩০০ ফিট সড়কে এ দুর্ঘটনা ঘটে। মুনতাসির মাসুদের মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছে।
মুনতাসিরের বন্ধু ফাইয়াজ বলেন, রাতে তিন বন্ধু মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। ৩০০ ফিট এলাকায় যাওয়া মাত্রই বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী প্রাইভেটকার তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন।
জানা যায়, গাড়িটি চালাচ্ছিলেন একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেলের ছেলে। আর পেছনের আসনে ছিল তাদের দুই আত্মীয়। যাদের সবাই ছিল মাতাল অবস্থায়।
৩০০ ফিট এলাকায় পুলিশ চেক পোস্টে যখন মোটরসাইকেলে করে ঘুরতে বের হওয়া বুয়েটের তিন ছাত্রের পরিচয় যাচাই করা হচ্ছিলো, ঠিক তখন ব্রিগেডিয়ার জেনারেলের এ লেভেল পড়ুয়া ছাত্র সাদমান মদ্যপ অবস্থায় চেকপোস্টে অপেক্ষারত ওই তিন শিক্ষার্থীকে গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মোহতাসিম মাসুদ। ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।





