যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা দিল ইরান
পুলিশের হেফাজতে ইরানি তরুণী মাহসা আমিনির মৃত্যুর জেরে দেয়া নিষেধাজ্ঞার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাজ্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান।
বুধবার এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার কথা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে ইরানি তরুণী মাহসা আমিনির মৃত্যুর জেরে ইরানে চলমান হিজাববিরোধী বিক্ষোভের মধ্যে গত ১০ অক্টোবর দেশটির নৈতিকতা পুলিশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। নিষেধাজ্ঞার ব্যাপারে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ইরানে নারীদের নিয়ন্ত্রণ করা, আটকে রাখা ও সহিংসতার কারণে নৈতিকতা পুলিশপ্রধান মোহাম্মদ রোস্তামি চেশমেহ গাচি ও তেহরান বিভাগের প্রধান হাজ আহমেদ মির্জাইসহ কয়েকজন কর্মকর্তার ওপর এই নিষেধাজ্ঞা দেয়া হলো।
আরও বলা হয়, নিষেধাজ্ঞায় পড়া ব্যক্তিরা যুক্তরাজ্য ভ্রমণ করতে পারবেন না। সেই সঙ্গে যুক্তরাজ্যে থাকা তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করা হবে। ইরানকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মানতে বাধ্য করতে ওই নিষেধাজ্ঞা দেয়া হয় বলে মনে করেন বিশ্লেষকরা। ওই নিষেধাজ্ঞার কয়েক দিন পরই ইরানের পক্ষ থেকে পাল্টা ব্যবস্থা নেয়া হলো।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন, সহিংসতা সৃষ্টি ও উসকে দেয়ার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ব্রিটেনের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।





