মেক্সিকোতে বারে বন্দুক হামলায় নিহত ৯
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যের একটি শহরে বন্দুক হামলায় ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ নারীও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
স্থানীয় সময় বৃহস্পতিবার এ হামলার ঘটনা নিশ্চিত করে মেক্সিকো কর্তৃপক্ষ।
গণমাধ্যমের খবরে বলা হয় বুধবার রাতে এপাসিও এল আলতো শহরের একটি বারে হামলা চালানো হয়। এসময় বন্দুকধারীরা একটি হাতে লেখা পোস্টার ফেলে যায়। এতে সান্তা রোসা দে লিমা গ্যাংয়ের সদস্যদের স্বাক্ষর ছিল। সম্প্রতি সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন নামে দুটি গ্রুপের বিরোধের জের ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে সহিংসতা বেড়ে গেছে রাজ্যটিতে।
গত অক্টোবরে রাজ্যটির আরেক শহরে একটি বারে হামলায় বেশ কয়েকজন নিহত হন। তাদের মধ্যে ৬ জন নারীও ছিলেন। গত সেপ্টেম্বরে একই ধরনের হামলায় নিহত হন আরও ১০ জন। এসব হামলা নির্দিষ্ট বার টার্গেট করে করা হচ্ছে । যেসব মালিক মাদককারবারীদের কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে অস্বীকৃতি জানান সম্ভবত তাদের লক্ষ্য করে এ হামলা হয়।
আরও পড়ুনঃ ইউক্রেনের জন্য ৪০ কোটি ডলার নিরাপত্তা সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের





