“মুসলিম বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের বোন হিসেবে মনে করেন”
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব ও ভাতৃত্বের সম্পর্ক অত্যন্ত গভীর। এ সম্পর্ককে আমরা আরও গভীর করতে চাই। তিনি (সৌদি রাষ্ট্রদূত) বলেছেন, সারা মুসলিম বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের বোন হিসেবে মনে করেন। তারা এই সম্পর্ক আরও সুদৃঢ় করতে অত্যন্ত আগ্রহী।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, সৌদি আরবের রাষ্ট্রদূত আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। আমাদের সঙ্গে সৌদি আরবের বিচার বিভাগের সহযোগিতা ও সম্পর্ক বাড়াতে একটি চুক্তি সই করার জন্য আমরা আলোচনা করেছি। আমাদের দিক থেকে সেই চুক্তি সৌদি আরবে পাঠানো হয়েছে। সৌদি আরবের বিচার মন্ত্রণালয়ে সেটি আছে। সেই চুক্তির অগ্রগতি নিয়ে আমাদের মধ্যে আজ আলোচনা হয়েছে।
আইনমন্ত্রী বলেন, এটা বিচার বিভাগের মধ্যে সহযোগিতার চুক্তি। আপনারা জানেন, সৌদি আরবে বাংলাদেশের অনেক কর্মসংস্থান আছে। সেখানে আমাদের শ্রমিক ভাই-বোনেরা যাচ্ছেন কাজের জন্য। সৌদি আরবের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে উন্মুখ। সেই সব বিষয়ে তাদের সুবিধার জন্য চুক্তিটি করা হবে। পারস্পরিকভাবে তাদের (সৌদি) বিনিয়োগ কীভাবে সুরক্ষা দেয়া যায়, সেসব বিষয় নিয়েও এ চুক্তি হবে।
এদিকে বলা হচ্ছে সংসদে ৬৪৮ এমপি এখন। এটা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। মন্ত্রীরা যখন শপথ নেন তখন আগের মন্ত্রিসভা বাতিল হয়ে যায়। কিন্তু সংসদ সদস্যরা শপথ নিলেও আগের সংসদ বাতিল হয় না। সেক্ষেত্রে আইনের অস্পষ্টতা আছে বলে আপনি মনে করেন কি না। সেটি স্পষ্ট করার উদ্যোগ নেওয়া হবে কি না, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ব্যাপারটা হচ্ছে সংবিধানে এখন যা আছে, সেভাবেই দেশ চলছে এবং এটা আজকে সংবিধানে সন্নিবেশিত করা হয়নি। এটা চতুর্দশ সংশোধনীতে সংযোজন করা হয়েছিল। এখন যে বিষয়টা নিয়ে আলাপ করা হচ্ছে, এটার বোধহয় খুব একটা গুরুত্ব নেই। তারপরও আমি বলবো, নীতি-নির্ধারকরা যদি মনে করেন এখানে কিছু আরও স্পষ্ট করার প্রয়োজন আছে, সেটা দেখা যাবে।





