মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাতের দাবি
ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানার দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহর ‘ফিফথ ফ্লিট’কে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। একই সঙ্গে জর্ডানে মার্কিন সেনাদের ব্যবহৃত একটি বিমানঘাঁটিতেও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে তেহরান।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, দুই পক্ষের মধ্যে চলমান উত্তেজনা এখনো প্রশমিত হয়নি এবং যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর ও ব্যাপক জবাব দেওয়া হবে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলের জাস্ক, সিরিক ও কেশম দ্বীপের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এতে সিরিকের বেমানি এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুটি পানির ট্যাংক ধ্বংস হয়েছে।
অন্যদিকে জর্ডানের বিমানঘাঁটিতে হামলার বিষয়ে আইআরজিসি জানিয়েছে, তাদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ঘাঁটির চারটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে। এসব স্থাপনার মধ্যে এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং একটি প্রধান কমান্ড ও কন্ট্রোল সেন্টারও রয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও এসব দাবির স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, এটি বৃহৎ পরিসরের প্রতিশোধমূলক অভিযানের অংশ। তাদের দাবি, মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন বিমান ও নৌঘাঁটির অন্তত ২১টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইরানের আকাশসীমায় প্রবেশ করা একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে তারা।
এদিকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে সতর্ক অবস্থানে রয়েছে কুয়েত। দেশটির সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পূর্ণ প্রস্তুতিতে রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কুয়েতের সেনাবাহিনী নাগরিকদের সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে গুজবে কান না দিয়ে কেবল সরকারি সূত্র থেকে তথ্য গ্রহণের অনুরোধও জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যের এই দ্রুত পরিবর্তিত পরিস্থিতি নতুন করে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। এখন বিশ্বজুড়ে নজর, ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে।





