“মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলছে সরকার”
নির্বাচনে মানুষের ভোটাধিকার নিয়ে সরকার ছিনিমিনি খেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে ও আশপাশে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে এসব কথা বলেন রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, আমরা-আর মামুরা মিলে নির্বাচন করেছে আওয়ামী লীগ। একটি দলের নির্বাচন হয়েছে। নির্বাচনের দিন সকাল দশটার মধ্যেই ইসি সচিব বলেন ‘‘কারা এমপি হবেন তা ঠিক করা আছে’’।
তিনি বলেন, তবুও এই নির্বাচনে নিজেরা মারামারি ও সহিংসতা ঘটিয়েছে। একজন আরেকজনকে হত্যা করেছে। এভাবে মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে নির্বাচন বর্জন করায় দেশবাসী ও সাধারণ মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি ও প্রহসন আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছে বিএনপিসহ বিভিন্ন দল। এই দাবিতে আজ এবং আগামীকাল দুইদিন গণসংযোগ কর্মসূচি ঘোষণা করা হচ্ছে।
এ সময় পথচারী, রিকশাচালক ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ধন্যবাদ জানান রিজভী।
আরও পড়ুনঃ বুধবারই নবনির্বাচিত এমপিদের শপথ; নবনির্বাচিতদের বরণ করতে প্রস্তুতি নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়





