“ভূমিকম্পের ঝুঁকি কমাতে পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য”
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় পরিকল্পিত নগরায়ণের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ভূমিকম্পের ঝুঁকি কল্পনাতীত নয় এবং এর মাত্রা কমাতে সুপরিকল্পিত নগরায়ণ অপরিহার্য। দুর্যোগ প্রস্তুতি ও বন্যা মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আন্তর্জাতিকভাবে প্রশংসিত বলেও তিনি উল্লেখ করেন।
আজ বিয়াম ফাউন্ডেশন মাল্টিপারপাস হলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ইউএনডিপি আয়োজিত ‘ওয়ার্কশপ অন স্টেংথেনিং মাল্টি-হ্যাজার্ড প্রিপেয়ার্ডনেস: ফোকাস অন আর্থকোএইক অ্যান্ড আরবান রিজিলিয়েন্স’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা ফারুক ই আজম তার বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনায় সকলের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দেন।
উপদেষ্টা বলেন, সরকার কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রবর্তনের পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় মন্ত্রণালয় ও সহযোগী সংস্থাগুলো ভূমিকম্প পরবর্তী দ্রুত উদ্ধার কার্যক্রম, অনুসন্ধান, চিকিৎসা ও অন্যান্য তৎপরতায় এক সঙ্গে কাজ করবে। এটি স্ট্যান্ডিং অর্ডার ফর ডিজাস্টার (এসওডি)-এর আওতামুক্ত হবে।
তিনি আরো বলেন, জনসংখ্যায় অতিমাত্রায় ঘনত্ব, শহরে জনসংখ্যায় চাপ, ভৌগোলিক অবস্থান ও বাস্তবতা বিবেচনায় যে কোন ধরনের দুর্যোগ মোকাবিলায় জ্ঞান ও মানের ক্ষতি কমানোর লক্ষ্যে দুর্যোগ ঝুঁকি হ্রাসের সঙ্গে জড়িতদের বাস্তবমুখী কর্ম-পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। ইউএনডিপি’র নেতৃত্বে ট্রেনিং এক্সারসাইজ ও ড্রিল প্রোগ্রাম ভূমিকম্প মোকাবিলায় নগর অনুসন্ধান ও উদ্ধার সক্ষমতা গঠনে ভূমিকা রেখে চলেছে।
কর্মশালায় ভূমিকম্প ও নগর স্থিতিস্থাপকতা বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান।





