“বিএনপির সঙ্গীরাই তাদের ছেড়ে চলে যাচ্ছে”
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি বলেছিল তাদের জোটের সঙ্গীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সঙ্গীরাই তাদের ছেড়ে চলে যাচ্ছে। গতকাল (বুধবার) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে কয়েকটা দল তাদের জোট থেকে বের হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা মৎস্যজীবী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন তথ্যমন্ত্রী।
বিএনপির নয়াপল্টনের অফিসে তালা লাগানোর বিষয়ে তিনি বলেন, বিএনপির অফিসে সরকার কিংবা আওয়ামী লীগ তালা লাগায়নি। নিজেদের লাগানো তালা খোলার জন্য তারা একজন মানুষও খুঁজে পাচ্ছে না। যে দল নিজেদের অফিসের তালা খোলার জন্য একজন মানুষ পর্যন্ত খুঁজে পায় না, তারা আবার কি আন্দোলন করবে।
গাজায় শিশু ও নারীদের হত্যার বিরুদ্ধে তেল আবিবে ইহুদিরা পর্যন্ত প্রতিবাদ জানিয়েছে, মিছিল করেছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ইসরাইলিরা ১৪ হাজার মানুষ মেরে ফেলেছে, তার মধ্যে সাড়ে ৯ হাজার শিশু ও নারী। ইসরাইলিদের যারা মদত দেয় তারা রাগ করবে বলে বিএনপি তাদের বিরুদ্ধে একটি বিবৃতি পর্যন্ত দেয়নি, একটি অক্ষর কথাও বলেনি। অথচ আমাদের নেত্রী শেখ হাসিনা জাতিসংঘে গিয়ে এর প্রতিবাদ জানিয়ে আসছেন, আমি প্রতিদিন দল ও সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে আসছি।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য অনেক অপচেষ্টা হয়েছে। কিন্তু নির্বাচন নিয়ে যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সেটি অভাবনীয়। বিএনপি এখন ইঁদুরের ন্যায় গর্তে ঢুকে গেছে। গর্ত থেকে ওপরের দিকে উঁকি দিয়ে কদিন পরপর কর্মসূচি দেয়। এবং তাদের কর্মসূচি কী? গাড়ি পোড়ানো, মানুষ পোড়ানো এবং স্কুলের মধ্যে আগুন দেয়া। তাই তাদের সঙ্গে এখন আর মানুষ নেই।
আরও পড়ুনঃ চালের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসন তীক্ষ্ণ দৃষ্টি রাখছে: খাদ্যমন্ত্রী





