“বিএনপির অবদানকে খাটো করার পরিকল্পিত ক্যাম্পেইন চলছে”
১/১১ এর মতো বিএনপিকে লক্ষ্য করে ক্যাম্পেইন শুরু হয়েছে, বিএনপির অবদানকে খাটো করার পরিকল্পিত ক্যাম্পেইন চলছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার দুপুরে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি ১৫ বছরে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, খালেদা জিয়া ৬ বছর কারাভোগ করেছেন। অনেকে নিহত, গুম, মামলার শিকার।
গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যৌক্তিক সময় অবশ্যই বিএনপি অন্তর্বর্তী সরকারকে দেবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি নির্বাচনের কথা বলে এসেছে, সেজন্য এত দিন আন্দোলন হয়েছে, সেজন্য এটা বলবে বিএনপি।
বিএনপির মহাসচিব বলেন, ওয়ান ইলেভেন বিরাজনীতিকরণের চক্রান্ত হয়েছে, তখন দলকে বাতিলের চেষ্টা চলেছে। এখন সেই শংকাও রয়েছে। এজন্য বলা হয়েছে যারা গত সরকারকে সহায়তা করেছে, গণতন্ত্রের বিপক্ষে গেছে তাদের সরকারে দেখতে চায় না। জনগণের মাঝে যেন বিভাজনের সৃষ্টি না হয় সেদিকটি বিবেচনায় নিতে সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান।
বন্যার কারণে পহেলা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ৬ দিনের ঘোষিত কর্মসূচি বাতিল করে সব টাকা বন্যার্তদের ত্রাণ সহায়তায় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর দিন পতাকা উত্তোলন, জিয়ার মাজারে শ্রদ্ধা ও বিকেলে দোয়া অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনঃ বন্যায় দেশের ১১ জেলার ৩১ জনের মৃত্যু





