বিএনপি কার্যালয় থেকে ককটেল উদ্ধার: ডিবি
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
বুধবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত দলটির কার্যালয়ে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
বিএনপি কার্যালয়ে অভিযান শেষে রাত সোয়া ৯টায় ডিবিপ্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, বিএনপি কার্যালয়ে তল্লাশিকালে ১৫টি ককটেল, ২ লাখের বেশি নগদ টাকা, ১৬০ বস্তা চাল, খিচুড়ি ও খিচুড়ি রান্নার উপকরণ, পৌনে ২ লাখ বোতল পানি এবং ডেকচি উদ্ধার করা হয়েছে। বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে এসব ককটেল মজুত করেছিল বিএনপির নেতাকর্মীরা।
ডিবিপ্রধান বলেন, গণসমাবেশকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি অবস্থানের পরিকল্পনার অংশ হিসেবে সেখানে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী মজুত করা হয়েছিল।
অভিযানকালে বিএনপির কার্যালয় এবং আশপাশের এলাকা থেকে তিন শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির নেতাকর্মীরা ১০ ডিসেম্বরের গণসমাবেশকে কেন্দ্র করে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন। পুলিশ নেতাকর্মীদের সরিয়ে দিতে গেলে তাদের ওপর চড়াও হন বিএনপির নেতাকর্মীরা। তখনই সংঘর্ষ শুরু হয়।





