“বাজারে চাপ বাড়ায় আলুর দাম বেড়েছে; একমাসের মধ্যে কমবে”
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজারে নতুন আলু আসতে শুরু করেছে। এতে আলুর সংকট একেবারেই থাকবে না। ফলে আগামী ৩০ দিনের মধ্যে আলুর দাম কমে আসবে।
আজ বুধবার তেজগাঁও নাবিস্কো মোড়ে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড ও পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, আপাতত নীলফামারি এবং ঠাকুরগাঁওয়ের আলু দিয়ে দেশের চাহিদা মেটানো হচ্ছে। এতে বাজারে চাপ বাড়ায় দাম বেড়েছে। শিগগিরই অন্যান্য জেলার আলু বাজারে আসতে শুরু করবে। তখন দাম কমে আসবে। অনেকেই বলছেন আলুর কেজি ৬০ টাকা। এটি ভুল কথা। ঢাকা শহরে প্রতি কেজি আলু ৪০ টাকা থেকে ৪২ টাকায় বিক্রি হচ্ছে। ঢাকার বাইরে মফস্বল এলাকাগুলোতে ৩৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু। এই দাম আরও কমবে।
এছাড়া আসন্ন রমজান উপলক্ষে খেজুর আমদানিতে শুল্কারোপ প্রসঙ্গে মন্ত্রী বলেন, রমজানে যাতে খেজুরের দাম সহনীয় থাকে, তার জন্য শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) বলা হবে। শুল্ক কমালে খেজুরের দামও কমবে।
স্মার্ট কার্ডের বিষয়ে টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সার্বিক কার্যক্রম পরিচালনা করছি, যাতে দেশের মানুষ উপকৃত হন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু এই কার্যক্রম শুরু করেছিলেন। সেই ধারায় আমরা এই কার্যক্রম পরিচালনা করছি। আমরা সবার সহযোগিতা চাই, যেন দ্রুত সাধারণ মানুষকে কার্ড পৌঁছে দিতে পারি এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারি। এক কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া বেশ কঠিন কাজ। তবুও এই কাজ সম্পন্ন করা হচ্ছে।
আরও পড়ুনঃ ১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে না





