বাজারে আসছে আইফোন ১৫
খুব শিগগিরই বাজারে আসছে আইফোন ১৫ সিরিজের মোবাইল হ্যান্ডসেট। আনুষ্ঠানিক ঘোষণার আগেই অনলাইনে ঘুরছে মোবাইলটির দাম ও নানা ফিচারের তথ্য।
তবে এখনও আনুষ্ঠানিকভাবে আইফোন ১৫ বাজারে আনার তারিখ জানায়নি প্রতিষ্ঠানটি।
বিভিন্ন অনলাইন সূত্রের তথ্য অনুযায়ী, আইফোন ১৫ সিরিজে যুক্ত হতে পারে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট। এতে ডেটা ক্যাবলের মাধ্যমে ৪০ জিবিপিএস পর্যন্ত ডেটা ট্রান্সফার করা যাবে। এছাড়া আইফোন ১৫ আল্ট্রাতে থাকছে ফোনের বেস ভেরিয়েন্টে ২৫৬ জি স্টোরেজ। আইফোন ১৫ আল্ট্রাতে থাকতে পারে ৬ দশমিক ৫ ইঞ্চি ওলেড (অর্গানিক লাইট-এমিটিং ডায়োড) ডিসপ্লে। আর আইফোন ১৫ প্রো মডেলে থাকতে পারে ৬ দশমিক ১ ইঞ্চি ওলেড ডিসপ্লে। তবে এতে যুক্ত থাকতে পারে পাতলা বেজেল। এটি দেখতে অনেকটা অ্যাপেল ওয়াচের মতো বাঁকানো হবে। এছাড়া ডিভাইসটিতে একটি টাইটানিয়াম ফ্রেমও থাকতে পারে বলেও আশা করা হচ্ছে।
তবে নতুন আইফোনের মূল আকর্ষণ ক্যামেরায়। এবার ১৫ সিরিজের সব ফোনেই থাকছে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা ফিচার। এর আগে আইফোন ১৪ সিরিজের প্রিমিয়াম মডেলগুলোতেই শুধুমাত্র এই ফিচার যুক্ত ছিল।





