বাংলাদেশের মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ধ্বংস করার জন্য তারা রয়েছে, উন্নয়নের জন্য নেই। বাংলাদেশের মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চায় না।
আজ রোববার দুপুরে ভোলার চরফ্যাশনের দুলারহাট থানার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, নির্বাচন আসলেই অগ্নি সন্ত্রাসের মাধ্যমে অন্ধকারে নিমজ্জিত করে দেশকে অচল করার পায়তারা চলে। এসব দেশের মানুষ ভালোভাবে বুঝে গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে, জ্বালাও পোড়াও করতে পারে। ধ্বংস করার জন্য তারা রয়েছে, উন্নয়নের জন্য নেই। বাংলাদেশের মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চায় না। প্রধানমন্ত্রী যা অঙ্গীকার করেছেন তার প্রত্যেকটা করে দেখিয়েছেন। আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশে নিয়ে যাওয়া।
তিনি বলেন, এদেশের মানুষ এবারও ভুল করবে না। এদেশের মানুষ আবারও তৈরি হচ্ছে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করার জন্য। দেশকে এগিয়ে নিতে নৌকার বিকল্প নেই।
আসাদুজ্জামান খান আরও বলেন, আওয়ামী লীগ কোন দিন ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ গান পাওয়ারে বিশ্বাস করে না। আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে। আওয়ামী লীগের মূল শক্তি এদেশের গণতন্ত্র সেই বিশ্বাসেই চলে।
আরও পড়ুনঃ একসময় রোগ সারাতে খাওয়া হতো লাড্ডু





