“বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী চীন”
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। মূলত দেশের বিদ্যুৎ ও জ্বালানি, অ্যাগ্রো প্রসেসিং ও ই-কমার্স খাতে বিনিয়োগ করবে দেশটি।
আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’ সম্মেলনে চীনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি।
টিপু মুনশি বলেন, বৈঠকে চীনের প্রতিনিধি দলকে দেশে বিনিয়োগের জন্য আহবান জানানো হয়েছে। এছাড়া দেশে বিনিয়োগের বিভিন্ন সুযোগ-সুবিধার কথাও তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, গত ৪০ বছর ধরে চীনের কাছ থেকে আমদানি করে আসেছে বাংলাদেশ। এখন দেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে চায় চীন। বিনিয়োগের সুযোগ যাচাই করতে চীনা ব্যবসায়ীরা দেশে এসেছেন। তারা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা শেষে বিনিয়োগের সিদ্ধান্ত নিবেন।
এর আগে সকালে দেশের ব্যবসা ও বিনিয়োগকে সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত ‘বাংলাদেশ বিজনেস সামিট- ২০২৩’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী চলমান এ সামিটে বাংলাদেশের বিভিন্ন খাত নিয়ে ১৭টি সেমিনার ও তিনটি প্ল্যানারি সেশন অনুষ্ঠিত হবে।
এ বিজনেস সামিটে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সফলতা, টেকসই প্রবৃদ্ধি ও এখানে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনার কথা তুলে ধরা হবে। সম্মেলনটি বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুনঃ বাংলাদেশকে নিজের দেশ মনে করেই বিনিয়োগ করুন: প্রধানমন্ত্রী






ময়মনসিংহে ১০৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর - tathyasangjog
March 11, 2023[…] আরও পড়ুনঃ “বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী চীন” […]