প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
আজ শুক্রবার সকালে গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ল্যাভরভ।
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি। পরে পরিদর্শ বইয়ে স্বাক্ষর করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে রাশিয়ার দূতাবাসে যান ল্যাভরভ।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই দিনের সফরে ঢাকা আসার পর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে ল্যাভরভ ও আব্দুল মোমেনের মধ্যে রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়ে আলোচনা হয়।
এ বিষয়ে ল্যাভরভ বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনা অব্যাহত রাখতে আমরা সহযোগিতা বজায় রাখছি।
মিয়ানমারের সঙ্গে রাশিয়া যোগাযোগ করছে উল্লেখ করে তিনি বলেন, তাদের (বাংলাদেশ-মিয়ানমার) একটি পক্ষের ওপর চাপ প্রয়োগ করতে বাইরের কয়েকটি দেশ এই ইস্যুটি ব্যবহার করছে। এভাবে তারা দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপও করছে। আমি মনে করি, এটি অগ্রহণযোগ্য, এতে বিরূপ ফলই আসে।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ চাপের পরও বাংলাদেশ তার নিজের স্বার্থ রক্ষা করে চলবে: রুশ পররাষ্ট্রমন্ত্রী





