প্রধান উপদেষ্টার উপর ফিনল্যান্ডের নিষেধাজ্ঞার গুজব ভুয়া: রিউমার স্ক্যানার
বাংলাদেশের শীর্ষ ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উপর ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞা আরোপের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই গুজবের সত্যতা যাচাই করে সংস্থাটি এই তথ্য প্রকাশ করেছে।
‘তামান্না আখতার ইয়েসম্যান’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হয়েছিল যে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সম্মান না দেখানোর অভিযোগে ফিনল্যান্ড সরকার ড. ইউনূসের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। পোস্টটিতে আরও বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৩৪৭ অনুচ্ছেদের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ফিনল্যান্ডের বর্তমান প্রেসিডেন্টের নাম বার্থেল ফারবার। এই দাবি পরবর্তীতে বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্টের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
রিউমার স্ক্যানারের তদন্তে দেখা গেছে, এই দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা। বাংলাদেশের সংবিধানে ৩৪৭ নম্বর কোনো অনুচ্ছেদ নেই। এছাড়া, ফিনল্যান্ডের বর্তমান প্রেসিডেন্টের নাম আলেক্সান্ডার স্টাব, বার্থেল ফারবার নয়। ফিনল্যান্ড সরকারের পক্ষ থেকে ড. ইউনূসের উপর কোনো নিষেধাজ্ঞা আরোপের কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।





