পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২
মঙ্গলবার ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের একটি গ্রামে ক্ষেপনাস্ত্রের আঘাতে দুজন নিহত হয়েছেন।
গতকাল দিনভর ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দেশটির অগ্নিনির্বাপণকর্মীরা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য পোল্যান্ড। রাশিয়ার হামলার কারণে সৃষ্ট এ বিস্ফোরণ শঙ্কা বাড়িয়েছে। বিস্ফোরণের খবর জোট খতিয়ে দেখছে এবং পোল্যান্ডের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় রক্ষা করে যাচ্ছে।
বিস্ফোরণের বিষয়ে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে কথা বলেছেন জানিয়ে টুইট করেছেন ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ। টুইটে তিনি বলেন, নিহত ব্যক্তিদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। ন্যাটো পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরামর্শ করছে। সব তথ্যের সত্যতা প্রতিষ্ঠিত হওয়াটা গুরুত্বপূর্ণ।
একটি বার্তা সংস্থার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, পূর্বাঞ্চলীয় গ্রামটিতে বিস্ফোরণ পোল্যান্ডে ঢুকে পড়া রুশ ক্ষেপণাস্ত্রের কারণে হয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ও পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পোল্যান্ডের ভূখণ্ডে রুশ ক্ষেপণাস্ত্র পড়ার বিষয়টি তারা নিশ্চিত হতে পারেনি।





