“পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে ক্ষমতাসীনরা বিরোধী দলকে দমন করছে”
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে জেলা পর্যায়ে বিএনপির পূর্বনির্ধারিত সমাবেশে বাধা ও হামলা চালিয়ে সরকার পণ্ড করে দিচ্ছে। পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে ক্ষমতাসীনরা বিরোধী দলকে দমন করছে।
আজ বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন রিজভী।
তিনি বলেন, দুদক স্বাধীন প্রতিষ্ঠান, দুর্নীতিবাজদের কোনো ছাড় নয়, দুর্নীতিবাজ যে-ই হোক, কাউকে ছাড় দেয়া হবে না–প্রধানমন্ত্রীর এসব বক্তব্য দেশের মানুষ বিশ্বাস করে না।
রিজভী বলেন, দুর্নীতির মদতদাতা স্বয়ং প্রধানমন্ত্রী ও তার সরকার। আওয়ামী লীগ দুর্নীতির বিরুদ্ধে–এটা জাতীয় কৌতুক ছাড়া আর কিছু নয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার আবারও গুম কালচার শুরু করেছে। বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে গুম করেছে সরকার। অবিলম্বে গুম করা সদস্যদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সরকার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, প্রত্যয় স্কিমের নামে শিক্ষকদের বেতনে ভাগ বসিয়ে তাদের অনাহারের দিকে ঠেলে দেয়া হচ্ছে। বেনজীর-আজিজসহ দুর্নীতিবাজদের টাকা বাজেয়াপ্ত করে শিক্ষকদের পেনশন চালু করার দাবি জানান তিনি৷
আরও পড়ুনঃ সব ঝুঁকিপূর্ণ থানা উন্নয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী





