“পালিয়ে আসা সেনাদেরসহ সবাইকে খুব দ্রুতই নৌপথে ফেরত পাঠানো হবে”
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া সেনাদেরসহ সবাইকে খুব দ্রুতই নৌপথে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
আজ় শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিউইয়র্কে উইন রোজারিওকে গুলি করায় গভীর ক্ষোভ জানিয়েছে ঢাকা। যথাযথ তদন্ত করে দোষীদের বিচার দাবি করেছে বাংলাদেশ। পুলিশের গুলিতে নিহত রোজারিওর পরিবারের সম্মতিতে তাকে সেখানে সমাহিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আমাদের অত্যন্ত ঘনিষ্ট মিত্র। সম্প্রতি জোবাইডেনের চিঠি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরতি চিঠির মাধ্যমে আমাদের দুদেশের ঘনিষ্টতা, মিত্রতা ও সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছি।
জিম্মি জাহাজ এমভি আব্দুল্লাহ ও নাবিকদের বিষয়ে মন্ত্রী বলেন, সোমালিয়ান জলদস্যুদের সঙ্গে এরইমধ্যে আলোচনা হয়েছে। আশা করছি খুব দ্রুতই আমরা আমাদের নাবিকদের মুক্ত করতে পারবো। এছাড়া নাবিকরা সবাই ভালো আছেন, তাদের খাবারের কোনো সমস্যা হয়নি। এবং এখন পর্যন্ত তাদের সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করা হয়নি।





