পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৩
পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ২৭ জন।
আজ বুধবার কোয়েটার বালেলি এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হলো। পাকিস্তানি তালেবান তার যোদ্ধাদের সারা দেশে হামলা চালানোর আহ্বান জানানোর দুদিন পরই এ ঘটনা ঘটল।
এ বিষয়ে কোয়েটা পুলিশের মুখপাত্র আব্দুল হক জানান, পুলিশের একটি টহল গাড়িকে লক্ষ্য করে চালানো এ হামলায় হতাহতদের মধ্যে এক শিশু এবং ১৫ জন পুলিশ সদস্য রয়েছেন।
এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। তারা জানায়, গত আগস্টে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বোমা হামলায় তাদের সাবেক মুখপাত্রের হত্যার প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়েছে।
আফগান তালেবান থেকে আলাদা হলেও পাকিস্তানের এ সংগঠনটি একই মতাদর্শে বিশ্বাসী। গত জুন মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও বিভিন্ন স্থানে তারা নিয়মিত হামলা চালিয়ে আসছে।
আরও পড়ুনঃ বিএনপির উদ্দেশ্য হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা: তথ্যমন্ত্রী





