নুরের ওপর হামলা একটি বার্তা: হুঁশিয়ারি এনসিপি হাসনাত আবদুল্লাহর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা একটি বার্তা। শনিবার (৩০ আগস্ট, ২০২৫) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজয়নগর উপজেলা এনসিপি কমিটির আয়োজনে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, “নুরুল হক নুরের ওপর হামলা আমাদের জন্য একটি স্পষ্ট বার্তা। আমরা দেখেছি, তারেক জিয়াকে মুচলেকা দিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। খালেদা জিয়ার যে পরিণতি হয়েছে, আমরা যদি নিয়ম পরিবর্তন করতে না পারি, তাহলে আমাদের জন্যও একই পরিণতি অপেক্ষা করছে। সংস্কারের মাধ্যমে এই নিয়ম পরিবর্তনের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের এখন নির্বাচনবিরোধী বলা হচ্ছে। বিএনপি নির্বাচনের কথা বলছে, কিন্তু আমরা শুধু নির্বাচন নয়, বিচার ও সংস্কারের পক্ষে কথা বলছি। আমরা চাই, পুলিশ যেন বিনা বিচারে বা মামলা ছাড়া কাউকে গ্রেপ্তার না করে। গ্রেপ্তারের পর পরিবারকে অবহিত করার বিষয়টি নিশ্চিত করতে হবে। কিন্তু এসব বিষয়ে কোনো ফয়সালা হয়নি। কেউ কেউ বলছেন, ধানের শীষ না থাকলে নিজেরাই ব্যালট পেপার ছাপাবেন। এটি কোনো রাজনৈতিক দলের অবস্থান নয়, বরং অনেক দলের মনস্তাত্ত্বিক প্রতিফলন। আমরা এই ধরনের ধারণায় বিশ্বাস করতে চাই না।”





