নির্বাচনের প্রস্তুতিতে ৪,০০০ এএসআই নিয়োগ: আইজিপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ৪,০০০ সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আইজিপি বলেন, “আমরা ৪,০০০ এএসআই পদে নিয়োগ দেব। এর অর্ধেক পদ পূরণ হবে পদোন্নতির মাধ্যমে, আর বাকি অর্ধেক সরাসরি নিয়োগের মাধ্যমে। এ বিষয়ে আলোচনার জন্য আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসেছিলাম। নিয়োগ বিধিমালায় কিছু সংশোধনের প্রয়োজন ছিল, যা জনপ্রশাসন মন্ত্রণালয় করছে। এতে নিয়োগ প্রক্রিয়া আরও সহজ হবে।”
নির্বাচনকে সামনে রেখে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “হ্যাঁ, প্রধান উপদেষ্টা সম্প্রতি বিভিন্ন বাহিনীতে নিয়োগের বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছেন। আমরা সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ করছি।”
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান জানান, পুলিশের একটি প্রতিনিধি দলের সঙ্গে পুলিশ রেগুলেশনে কিছু সংশোধনের বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, “নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার জন্য আমরা একসঙ্গে বৈঠক করেছি। আজই যদি আমরা প্রয়োজনীয় আদেশ জারি করতে পারি, তাহলে এএসআইসহ অন্যান্য চলমান নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।”
তিনি আরও বলেন, “অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে এই পদগুলো সৃজন করা হয়েছে। বিধিমালায় কিছু সংশোধনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া আরও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। নির্বাচনের মাঠে পুলিশ এবং আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”





