নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা বিশাল বিজয় এসেছে ছাত্র-জনতার আন্দোলনে… এই বিজয় ফলোপ্রসূ ও সার্থক করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দরে সস্ত্রীক অবতরণ করেন মির্জা ফখরুল। এরপর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিমানবন্দরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, আমি যে উদ্দেশ্যে লন্ডন গিয়েছিলাম.. ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়েছে। এছাড়া প্রবাসী বাংলাদেশি ও বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে। তাদের সভায় যোগ দিয়েছি। সেখানকার প্রেসের সঙ্গে আলোচনা হয়েছে। লন্ডনে আমার সফর ভালো ও ফলোপ্রসূ হয়েছে।
এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে আমরা রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছি। আমরা প্রত্যাশা করি, ন্যূনতম যেসব সংস্কার জরুরি তা সম্পন্ন করে তারা নির্বাচন অনুষ্ঠানের পথে যাবেন।





