নির্বাচন ঠেকাতে দশম দফায় অবরোধ দিল বিএনপি
আসন্ন নির্বাচন ঠেকাতে এবার দশম দফায় অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এদিকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে।
আজ সোমবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।
রুহুল কবির রিজভী বলেন, বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হবে।
এ কর্মসূচিতে সারা দেশে সড়কপথ-রেলপথ-নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এছাড়াও ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম-খুন, গ্রেফতার নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
এর আগে শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী নবম দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা করেন। রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোরে শেষ হবে। যা এখনও চলমান রয়েছে।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর থেকে এ নিয়ে নবম দফা অবরোধ কর্মসূচি পালন করছে তারা। অবশ্য এর মধ্যে তারা কয়েক দফা হরতালও পালন করেছে।
আরও পড়ুনঃ এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী





