নির্ধারিত সময়ের আগেই নতুন বেতন কাঠামো: জাতীয় কমিশনের প্রতিশ্রুতি
জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানিয়েছেন, নির্ধারিত ছয় মাসের আগেই সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হবে। রোববার (১৪ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এই প্রতিশ্রুতি দেন।
জাকির আহমেদ খান বলেন, গত এক দশকে মূল্যস্ফীতি ও জিডিপি বৃদ্ধির তুলনায় সরকারি কর্মচারীদের বেতন পর্যাপ্তভাবে বাড়েনি। কমিশন এখন সময়োপযোগী বেতন কাঠামো তৈরি, বিশেষায়িত চাকরির জন্য পৃথক বেতন কাঠামো, আয়কর বিবেচনায় বেতন নির্ধারণ, বাড়িভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা নির্ধারণ, মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের পদ্ধতি এবং পেনশনসহ অবসর সুবিধা নির্ধারণে কাজ করছে।
তিনি আরও জানান, বেতন গ্রেড ও ইনক্রিমেন্টে অসঙ্গতি দূর করা, টেলিফোন, গাড়ি, মোবাইল ফোন এবং রেশন সুবিধার যৌক্তিকীকরণের জন্য সুপারিশ প্রণয়ন করা হবে। তিনি বলেন, “আমরা পুরোদমে কাজ শুরু করেছি। ছয় মাস সময় দেওয়া হলেও আমরা তার আগেই চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারব বলে আশাবাদী।”
বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান উপস্থিত ছিলেন।
গত ২৭ জুলাই অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করা হয়। কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।





