“নিরাপদ খাদ্য নিশ্চিতে জাইকার ভূমিকা গুরুত্বপূর্ণ”
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, নিরাপদ খাবার নিশ্চিত করার কাজে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জাইকা) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
আজ সোমবার জাপানের টোকিওতে জাইকার হেড কোয়াটার্সে জাইকা প্রতিনিধিদলের সঙ্গে এক সভায় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।
এ বিষয়ে মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় তারা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জাইকা সাহায্যপুষ্ট চলমান প্রকল্প ও ভবিষ্যৎ প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনাও করেছেন।
সাধন চন্দ্র মজুদার বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে নিরাপদ খাবার নিশ্চিতের বিকল্প নেই। সে কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হওয়ার পর থেকে ভোক্তার কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে এ দফতর নিরলস কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে পারলে জনগণের নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে তারা আরও জোরালো ভূমিকা রাখতে পারবেন।
খাদ্যমন্ত্রী বলেন, জাইকার অর্থায়নে বিভাগীয় পর্যায়ে টেস্টিং ল্যাব হচ্ছে। এর পাশাপাশি দেশের বাইরে থেকে অনিরাপদ খাদ্য যাতে দেশের ভোক্তার কাছে না আসতে পারে তার জন্য ঢাকা ও চট্টগ্রামসহ পোর্ট এন্ট্রিতেও টেস্টিং ল্যাব স্থাপন প্রয়োজন।
আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে এ বছরই রাশিয়ায় আলু রপ্তানি শুরু হবে : কৃষিমন্ত্রী





