নতুন শিক্ষানীতি নিয়ে বিএনপি-জামায়াত অপ্রচার চালাচ্ছে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,নতুন শিক্ষানীতি নিয়ে বিএনপি-জামায়াত অপ্রচার চালাচ্ছে গুজবে কান না দিতে সবাইকে সতর্ক থাকতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। তাই ডান বাম মিলিয়ে সরকার বিরোধীরা এখন গুজব এবং অপ্রচার চালাচ্ছে।
আজ শুক্রবার দুপুরে চাঁদপুরে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, অতীতেও বিএনপি এমন সমাবেশের ডাক দিয়ে নৈরাজ্য সৃষ্টি করেছে। তাদের পক্ষ থেকে যদি ঠিক তাই হয়, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না। আর রাজনৈতিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা তা মোকাবিলা করবে।
দীপু মনি বলেন, আওয়ামী লীগ শান্তি ও মানুষের অধিকারের পক্ষে। সেই দায়িত্ব আওয়ামী লীগ সবসময় পালন করে এসেছে। তাই সরকারের পাশাপাশি দলও দায়িত্ব পালন করবে। বিএনপি সমাবেশের নামে সহিংসতা করার পরিকল্পনা আছে বলে জনমনে আশঙ্কা রয়েছে।
আরও পড়ুনঃ শেখ হাসিনাকে পদত্যাগে কোনো ডেডলাইন দেয়নি যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়





