“নগদ লেনদেনবিহীন সমাজ দেশের উন্নয়ন ও রাজস্ব সংগ্রহ সহজ করবে”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যখন আমরা একটি নগদ লেনদেনবিহীন সমাজ গড়ে তুলতে পারব, তখন এটি দুর্নীতি হ্রাস, দেশের উন্নয়নকে ত্বরান্বিত এবং রাজস্ব আদায় সহজ করবে।
প্রধানমন্ত্রী আজ বুধবার সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অন্যের ওপর নির্ভরশীলতা কমানোর লক্ষে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকেও স্বাধীন ও সার্বভৌম হতে হবে।
প্রতিটি কার্ডধারীর তথ্য নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমি আশা করি এই নেটওয়ার্কের নিরাপত্তা ব্যবস্থা ভালোভাবে সুরক্ষিত থাকবে। বিশেষ করে ফায়ারওয়াল ফুলপ্রুফ তৈরিতে আমাদের বিশেষ মনোযোগ দিতে হবে।
শেখ হাসিনা বলেন, এই ‘টাকাপে’ কার্ডটি বাংলাদেশে নগদ লেনদেনবিহীন সমাজ গঠনের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হবে।
সরকার প্রধান আরো বলেন, আমরা অন্য কারো ওপর নির্ভরশীল হব না। আমরা আমাদের অর্থ আমাদের দেশেই ব্যবহার করব। আমরা এই সিস্টেমটিকে অন্য দেশের সাথে সংযুক্ত করার চেষ্টা করব। আমাদের অবশ্যই একটি হার্ড কারেন্সির ওপরও নির্ভরশীল হওয়া উচিত নয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক (বিবি), সোনালী ব্যাংক, সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক ভার্চুয়ালি যুক্ত হয়।
টাকাপে কার্ডটি কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতায় বেসরকারি খাতের সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ইস্যু করছে।
আরও পড়ুনঃ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে: সিইসি





