ধর্মের অপব্যাখ্যা রোধে জনসচেতনতা ও রাষ্ট্রীয় উদ্যোগ জোরদারের আহ্বান
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, ধর্মকে বিকৃতভাবে উপস্থাপন করে উগ্রবাদ ছড়ানোর অপচেষ্টা দেশের সামাজিক সম্প্রীতি, উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে ধর্মের মানবিক, সহনশীল ও শান্তিপূর্ণ শিক্ষাকে সাধারণ মানুষের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
শনিবার হেযবুত তওহীদের উদ্যোগে ‘ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় ধর্মের প্রকৃত শিক্ষা’ শীর্ষক আলোচনা সভায় বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের প্রধান নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
তিনি বলেন, ধর্মের নামে বিভ্রান্তি ও সহিংসতার পথ রোধ করতে হলে মানুষের মাঝে ইসলামের প্রকৃত শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে হবে। তিনি দাবি করেন, হেযবুত তওহীদ দীর্ঘদিন ধরে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।
আলোচনা সভায় অংশ নেওয়া বক্তারা বলেন, ধর্মীয় উগ্রবাদ কেবল নিরাপত্তার জন্য নয়, জাতীয় ঐক্য ও সামাজিক স্থিতিশীলতার জন্যও চ্যালেঞ্জ। তাই শিক্ষা, সচেতনতা এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে উগ্রবাদ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। তারা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এম. নাজিমউদ্দিন আল আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শরিফ আজিজ, কর্নেল (অব.) ফেরদৌস আজিজ, কর্নেল (অব.) আলাউদ্দিন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ মঞ্জুরুল আলম, উইং কমান্ডার (অব.) আমিনুল ইসলাম, মেজর (অব.) আমিন আহমেদ আফসারী, মেজর (অব.) মাহবুবুল আলাম, সিনিয়র আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল আলহাজ মনসুর রহমান, কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি সাঈদ আহম্মেদ খান, দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়ায়াদু চৌধুরী, এবি পার্টির নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তার বন্যা, শিক্ষাবিদ মো. ইনসান আলী, কথাসাহিত্যিক আমির হোসেন, প্রকৌশলী কাজী রেজাউল ইসলাম, প্রকৌশলী মো. রানা প্রমুখ।





