দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড
দেশের বাজারে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আগামীকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এর আগে গত ২২ সেপ্টেম্বর ও ১৫ সেপ্টেম্বর আরও দুই দফা সোনার দাম বাড়ানো হয়। ২২ সেপ্টেম্বর ভালো মানের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় এক লাখ ৩৩ হাজার ৫১ টাকা। দেশের বাজারে এতদিন এটিই ছিল সোনার সর্বোচ্চ দাম। এখন নতুন করে দাম বাড়ানোর ফলে সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হলো।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুনঃ পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলো বাংলাদেশ





