দেশের গণতন্ত্র নস্যাৎ করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের গণতন্ত্র নস্যাৎ করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে, একটি মহল দেশে তাঁবেদার সরকার বসাতে চায়। হামিদ কারজাই মার্কা সরকার বসাতে চায়। আরেকটি মহল সেটির মদদদাতা হিসেবে কাজ করছে।
আজ বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর ও দিনাজপুর জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের সংগঠন। তৃণমূলের নেতারা বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ। শেখ হাসিনার নেতৃত্বে আমরা যখন বিরোধীদলে ছিলাম, আমরা প্রচণ্ড শক্তিশালী সংগঠন ছিলাম। কারণ আমাদের ভিত্তি জনগণ ও তৃণমূলের নেতাকর্মী। সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে সব ষড়যন্ত্র, চ্যালেঞ্জ মোকাবিলা করে শেখ হাসিনা পরপর তিনবার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে।
আজও নানামুখী ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, আজকের এই বৈঠক তৃণমূলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কার্যক্রমের অংশ। কারণ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি দেশের কোনো শক্তি নেই আওয়ামী লীগকে পরাজিত করতে পারে। সেজন্য ঐক্য এবং সংহতির ওপর আমরা গুরুত্ব দিচ্ছি।
পার্শ্ববর্তী বিভিন্ন দেশের উদাহরণ টেনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘পশ্চিমবঙ্গে বামফ্রন্ট তিন দশকের বেশি ক্ষমতায় ছিল সংগঠনের কারণে। মালয়েশিয়া যে দলের নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছে, সেই দল পাঁচ দশকের বেশি ক্ষমতায় ছিল সংগঠনের কারণে। সিঙ্গাপুরে যে দলের নেতৃত্বে স্বাধীনতা এসেছে, সেই দল এখনো রাষ্ট্র ক্ষমতায়। সেখানেও বহুমুখী গণতন্ত্র, কিন্তু সে দল এখনো রাষ্ট্র ক্ষমতায়।’
তিনি বলেন, ‘পরপর চারবার এবং পঞ্চমবারের মতো যদি জনগণ আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দেয়, আগামী পাঁচ বছরে ইনশাআল্লাহ দেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছে যাবে।
আরও পড়ুনঃ “দেশে আদালত স্বাধীনভাবে কাজ করে; ফরমায়েশি রায় দেয় না”





