দেশেই মেডিকেল ডিভাইস তৈরির ব্যাপারে বিভিন্ন কোম্পানিকে উদ্যোগ নেয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, মেডিকেল ডিভাইস আমাদের দেশে সেভাবে তৈরি হয় না। দেশের বাইরে থেকে নিয়ে আসতে হয়। এতে অনেক খরচ গুনতে হয়। যদি দেশেই তৈরি করা যায়, তাহলে দেশেই চিকিৎসা সহজলভ্য হবে। বিভিন্ন কোম্পানিকে এ ব্যাপারে উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে এশিয়া এক্সপো-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডা. সামন্ত লাল সেন বলেন, আমি চাই স্বাস্থ্য ব্যবস্থাকে সুন্দর করতে। তাই ঔষধের দাম যদি সহজলভ্য করা যায়, তাহলে আমরা সাধারণ রোগীদের জন্য ভালো কিছু করতে পারবো। তবে এটির দাম কমানো বা বাড়ানোর নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
মন্ত্রী বলেন, এই মুহূর্তে ঔষধের দাম কমানো বা বাড়ানোর ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, পরে এ বিষয়ে জানানো হবে।
বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, যে ঔষধের কোয়ালিটি (মান) ভালো না, সেটা আসলে ঔষধই না। মানের ব্যাপারে গুরুত্ব দিতে হবে আগে।
দেশে ঔষধ শিল্পের সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই। দেশের চাহিদা পূরণ করে বিদেশেও পাঠানো হচ্ছে। করোনার সময়ও পাঠিয়েছি। এখন আমাদের কোয়ালিটির ব্যাপারে গুরুত্ব দিতে হবে বলেন পাপন।





