দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর ডেঙ্গুতে ১ হাজার ৭০১ জন মারা গেছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০১ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৭৮ জন আর ঢাকার বাইরের ৭২৩ রয়েছেন। অপরদিকে মোট আক্রান্ত হয়েছেন তিন লাখ ২০ হাজার ৯৪৫ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৯ হাজার ৯২৭ জন, আর ঢাকার বাইরের ২ লাখ ১১ হাজার ১৮ জন।
বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা সিটিতে ২৮ জন এবং ঢাকার বাইরের ৮২ জন রয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। আক্রান্তদের মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪৩ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৭ জন এবং ঢাকার বাইরের ৯৬ জন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লাখ ১৮ হাজার ৩৭৭ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৮ হাজার ৬৬৮ জন এবং ঢাকার বাইরের ২ লাখ ৯ হাজার ৭০৯ জন।





