দেশে ডেঙ্গুতে আরও ১৬ জনের মৃত্যু
সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৯ জনে।
আজ রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জনানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সর্বশেষ হাসপাতালে ভর্তি হওয়া ৩ হাজার ৮ জনের মধ্যে ঢাকায় ৮১২ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ২ হাজার ২৮৯ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৭২৫ জনে।
বর্তমানে মোট ১০ হাজার ৪৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩ হাজার ৭৯৪ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬ হাজার ৬৭৬ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মোট ১ লাখ ৭৬ হাজার ৩৪৬ জন।
২০২২ সালে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একইসঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।





