“দুই সপ্তাহের মধ্যে চালের দাম আরও সহনীয় পর্যায়ে চলে আসবে”
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, উন্নতমানের বিশেষ করে নাজিরশাইল ও মিনিকেট জাতের চাল মূলত বোরো মৌসুমেই উৎপাদিত হয়। আগামী দুই সপ্তাহের মধ্যে বোরো চাল বাজারে চলে আসবে।
আজ সচিবালয়ে ভোজ্যতেল আমদানি ও সরবরাহসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা বিষয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে ছিল, বিদ্যুৎ সরবরাহ ছিল স্থিতিশীল এবং পর্যাপ্ত পরিমাণে সার পাওয়া গেছে যা কৃষি উৎপাদনের জন্য ইতিবাচক প্রভাব ফেলেছে।
তিনি আরও বলেন, ‘আমরা এ বছর ধানের ভালো ফলনের আশা করছি, যার ফলে চালের দাম কমে আসবে বলে আমরা আশাবাদী।’





