দাউদকান্দিতে গরু চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা
কুমিল্লার দাউদকান্দিতে গরু চুরির অভিযোগে পিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আরও এক যুবক আহত হয়েছেন। স্থানীয় লোকজনের দাবি, হতাহত তিন যুবক চোর।
গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই যুবক হলেন দাউদকান্দির দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের জায়েদ আলীর ছেলে মো. মুছা (৩০) ও বরিশাল সদরের পাথৈরপাড়া মধুদিয়ার জালাল মিয়ার ছেলে মো. জুয়েল (২৭)। আহত যুবক হলেন পিরোজপুরের মঠবাড়িয়ার বন্দরপাড়ার আবদুল লতিফের ছেলে মো. মনসুর (৩৪)।
স্থানীয়রা জানান, ওই গ্রামের বাসিন্দা কৃষক জালাল মিয়ার বাড়ি থেকে মধ্যরাতে একদল চোর দুটি গরু চুরি করে। চোরের উপস্থিতি টের পেয়ে জালাল মিয়ার স্ত্রী আছমা আক্তার চেঁচামেচি শুরু করেন। তবে ততক্ষণে গরু নিয়ে চোরের দলটি পালিয়ে যায়। আছমা আক্তারের চিৎকার শুনে দক্ষিণ মোহাম্মদপুরসহ পিপিয়াকান্দি, চিনামুড়া, ডেক্রিখোলা, সুরেরবাগ ও চক্রতলা গ্রামের লোকজন ছুটে আসেন।
পরে স্থানীয় জালাল মিয়ার বাড়ির পাশের একটি মাঠ থেকে চুরি হওয়া গরু দুটি উদ্ধার করেন স্থানীয় লোকজন। এ সময় ওই মাঠের পাশে ধানখেতে লুকিয়ে থাকা মুছা, জুয়েল ও মনসুরকে আটক করে স্থানীয় লোকজন পিটুনি দেন।
আরও পড়ুনঃ “বিএনপিকে বোঝানো হবে জনসমাগম কাকে বলে”





