“দরিদ্র দেশগুলোর ওপর ঋণের বোঝা বেড়েছে”
গত বছরের চেয়ে চলতি বছর বিশ্বের দরিদ্র দেশগুলোর ঋণ নেয়ার হার ৩৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এক সেমিনারে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট মালপাস বলেন, উল্লেখিত ঋণের দুই তৃতীয়াংশই চীন যোগান দিয়েছে। এই অর্থের পরিমাণ বিশাল; এই পরিমাণ অর্থের সুদের হারও অনেক বেশি। যে সব দেশ ঋণ নিয়েছে তাদের বেশিরভাগেরই ঋণের কিস্তি পরিশোধের মতো সামর্থ্য নেই।
তিনি বলেন, আমি দুশ্চিন্তা বোধ করছি এ কারণে ঋণের কিস্তি পরিশোধ করতে না পারা জনিত কারণে সামনের দিনগুলোতে অনেক দরিদ্র দেশ ঋণখেলাপি হয়ে পড়বে। সেক্ষেত্রে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের সংকট শুরু হবে। আরও উদ্বেগের বিষয় হলো, দরিদ্র দেশগুলোতে যদি ঋণ ও অর্থ সহায়তা দেয়া বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে সে সব দেশে মানবিক বিপর্যয় ও নেমে আসবে।
এই আসন্ন সংকট মোকবেলায় তার নেতৃত্বে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল চীনের সঙ্গে বৈঠকে বসবে বলে জানান ম্যালপাস। আগামী সপ্তাহে এই বৈঠক হতে পারে।
এ প্রসঙ্গে সেমিনারে তিনি বলেন, এই মুহূর্তে চীন বিশ্বের সবচেয়ে বড় ঋণদাতা দেশগুলোর মধ্যে অন্যতম। ফলে সামনে যে বৈশ্বিক সংকট আসছে, তা থেকে রেহাই পেতে চীনকে যুক্ত করা খুবই দরকার বলে আমরা মনে করি। শুরু থেকেই বিশ্বব্যাংক বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য কাজ করছে। এবার আমরা চীনের সঙ্গে একত্রে কাজ করতে চাই।
আরও পড়ুনঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের সর্বোচ্চ ১৩ হাজার সৈন্য নিহত





