তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সর্বোচ্চ নিরাপত্তা: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘তারেক রহমানের দেশে নিরাপদ আগমন নিশ্চিত করার জন্য ইতোমধ্যেই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সম্পূর্ণ সতর্ক ও সমন্বিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।’
সোমবার (২২ ডিসেম্বর) আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, সরকার জননিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রায় দেড় যুগ পর লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান। বিএনপির নেতারা জানিয়েছেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে পৌঁছাবেন। দলের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হচ্ছে।’ তাঁর প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি বিশাল সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে নেতাকর্মীদের ঢাকায় আনার জন্য।
২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেফতার হন তারেক রহমান। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর থেকে লন্ডন থেকেই দল পরিচালনা করে আসছেন তিনি। এক-এগারোর সরকার এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর বিরুদ্ধে হয়রানিমূলক অনেক মামলা দায়ের করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল হয় এবং কোনো কোনো মামলায় আইনি প্রক্রিয়ায় তিনি অব্যাহতি পান। এরপর থেকে তাঁর দেশে ফেরার আলোচনা শুরু হয়। সম্প্রতি ট্রাভেল পাসের জন্য আবেদন করায় তাঁর প্রত্যাবর্তন নিশ্চিত হয়েছে।
সরকারের পক্ষ থেকে তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন ও সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রতিশ্রুতি দেওয়ায় রাজনৈতিক মহলে স্বস্তি প্রকাশ করা হয়েছে। বিএনপির নেতাকর্মীরা এটিকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন।





