ঢাকা-১৭ থেকে মনোনয়ন সংগ্রহ তারেক রহমানের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসন থেকে রোববার (২৮ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর মধ্য দিয়ে তাঁর সরাসরি নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। এর আগে বগুড়া-৬ আসন থেকেও তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
রোববার সকাল ১১টা ১০ মিনিটের দিকে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করার পর দলের সিনিয়র নেতারা তাঁকে এই আসন থেকে নির্বাচন করতে অনুরোধ করেন। এরপর তাঁকে সম্মান জানিয়ে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেন।
গত শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) গিয়ে ভোটার হওয়ার চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করেন তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের (গুলশান এলাকা) ভোটার হিসেবে অনলাইনে আবেদন করেন।
তারেক রহমানের ভোটার হওয়ার বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, আইনগতভাবে তাঁর ভোটার হতে কোনো বাধা নেই। ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন যেকোনো ব্যক্তিকে যেকোনো সময় ভোটার করতে পারে।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর তারেক রহমানের এই মনোনয়ন সংগ্রহ দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিএনপির নেতারা জানান, তাঁর সরাসরি অংশগ্রহণ দলকে আরও শক্তিশালী করবে এবং আসন্ন নির্বাচনে বড় প্রভাব ফেলবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া চলছে। তারেক রহমানের প্রার্থিতা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে।





