ঢাকা বিশ্ববিদ্যালয়কে গবেষণা ও জনকল্যাণে অগ্রণী ভূমিকা নিতে হবে: ড. ইউনূস
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়কে গবেষণার পরিসর সম্প্রসারণ এবং অর্জিত জ্ঞান দেশ ও জনগণের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বার্তায় তিনি বলেন, “বিশ্বায়ন ও চতুর্থ শিল্প বিপ্লবের যুগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে উদ্ভাবনের জন্য কাজ করতে এবং গবেষণার জ্ঞান জনকল্যাণে প্রয়োগ করতে হবে।”
ড. ইউনূস জোর দিয়ে বলেন, “শিক্ষার্থীদের সততা ও নৈতিকতার সঙ্গে জ্ঞান প্রয়োগ করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নিজেদের উৎসর্গ করতে হবে। আমি বিশ্বাস করি, ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে বিশ্বমানের শিক্ষা ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নেতৃত্ব দেবে।” তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।
তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে উচ্চশিক্ষা, জ্ঞানচর্চা ও গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করেছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং জুলাই গণ-অভ্যুত্থানসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে এই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা ঐতিহাসিক।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “ফ্যাসিবাদী শাসনের নিপীড়নের শৃঙ্খল ভেঙে আমরা এখন বৈষম্যহীন ‘নতুন বাংলাদেশ’ গঠনের পথে এগিয়ে যাচ্ছি। এই লক্ষ্যে দেশপ্রেম, মানবিকতা ও উদার মানসিকতা সম্পন্ন দক্ষ মানবসম্পদ প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।”





