“টিসিবির সেবার মান আরও বাড়ানো হবে, সেইসঙ্গে বাড়ানো হবে পণ্যের সংখ্যাও”
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, টিসিবির সেবার মান আরও বাড়ানো হবে, সেইসঙ্গে বাড়ানো হবে পণ্যের সংখ্যাও।
আজ শুক্রবার রাজধানীর শান্তিবাগে টিসিবি পণ্য বিক্রয় পয়েন্ট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আপনারা জানেন বাজারে ৭-৮ দিন সরবরাহ ছিল না। এই সরবরাহ পরিস্থিতির কারণে দোকানদাররা সুযোগ-সুবিধা নেয়। যেটা অনৈতিক। আপনারা আমাদের জানালে আমরা ব্যবস্থা নেব।
চালের বাড়তি দাম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘মিল থেকে শুরু করে হোলসেল মার্কেট পর্যন্ত চালের সরবরাহ ব্যবস্থা যেন নিরবিচ্ছিন্ন থাকে, ট্রাকগুলো যেন সহজে আসতে পারে, আমরা সে ব্যবস্থা নিচ্ছি। আমাদের পর্যাপ্ত পরিমাণে চাল আছে। আমরা চেষ্টা করছি ট্রাক মালিকদের সঙ্গে বসতে। বাসের যেমন ভাড়া নির্ধারণ করা থাকে, আমরা দূরত্বভেদে ট্রাকেরও ভাড়া নির্ধারণ করে দিতে পারলে পরিবহন ব্যয়ের সঙ্গে বাজারের সামঞ্জস্যতা ফিরে আসবে।’
টিটু বলেন, আমরা চেষ্টা করছি বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে। বাজারে পেঁয়াজের সরবরাহ কম থাকায় দামটা একটু বেশি। ভারত থেকে পেঁয়াজ আনার চেষ্টা চলছে। টিসিবি নিজেও চেষ্টা করছে। রমজানে যেভাবে পেঁয়াজ আনা হয়েছিল, টিসিবির মাধ্যমে পেঁয়াজ ঢাকা ও শহরের আশেপাশে যেন দেয়া যায় সে প্রচেষ্টা অব্যাহত আছে।
আরও পড়ুনঃ “ক্ষমতায় থেকে মানুষের জীবন নেবো, সেটা হতে পারে না”





