জুলাই সনদে এক বিন্দুও ছাড় নয়: নাহিদ ইসলামের হুঁশিয়ারি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সরকারের প্রতি কঠোর অবস্থান ঘোষণা করে বলেছেন, জুলাই সনদের বাস্তবায়নে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, “গত এক বছর ধরে আমরা ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি। কিন্তু এবার জুলাই সনদে এক পার্সেন্টও ছাড় দেওয়া হবে না।”
মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এই হুঁশিয়ারি দেন।
তিনি জোর দিয়ে বলেন, জুলাই সনদের মাধ্যমে গণতন্ত্র নিশ্চিত করা হবে এবং রাষ্ট্রের কাঠামোকে গণতান্ত্রিকভাবে গড়ে তোলা হবে, যাতে স্বৈরাচারের পুনরাবৃত্তি আর না ঘটে।
নাহিদ ইসলাম বলেন, “২০২৪-এর গণ-অভ্যুত্থানের প্রজন্মকে প্রতারিত করার জন্য সব ধরনের ষড়যন্ত্র প্রস্তুত করা হয়েছে। আমরা দেখেছি, ’৭২-এর পর বাংলাদেশে লুটপাট, রক্ষী বাহিনীর মাধ্যমে গণতন্ত্র হত্যা এবং বাকশাল প্রতিষ্ঠার ইতিহাস। ’৯০-এর গণ-অভ্যুত্থানের প্রতিশ্রুতিও পূরণ হয়নি। এবার ২৪-এর গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করার সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। কিন্তু আমরা বলতে চাই, সমীকরণ এখনো শেষ হয়নি। যারা ভাবছে সমীকরণ মিলে গেছে, তারা ভুল পথে হাঁটছে। গণ-অভ্যুত্থানের শক্তি এখনো রাজপথে রয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা নির্বাচন ও ভোটাধিকারের জন্য লড়াই করেছি। কিন্তু এই নির্বাচন হতে হবে সংস্কারের মাধ্যমে। বাংলাদেশের বর্তমান সংকট হলো স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য ধরে রাখা। রাজনৈতিক দলগুলো যদি ঐক্য বজায় রাখতে ব্যর্থ হয়, তাহলে আরেকটি ১/১১-এর মতো পরিস্থিতি তৈরি হবে। ইতিহাস আমাদের এটাই শিখিয়েছে।”
তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিক দলগুলোর বৈঠকের মাধ্যমে হতে হবে। “যদি তারা ব্যর্থ হয়, তাহলে অরাজনৈতিক ও বৈদেশিক শক্তি লাভবান হবে।”
নাহিদ ইসলাম স্মরণ করিয়ে দেন, গত এক বছরে গণ-অভ্যুত্থানের শক্তি বারবার ছাড় দিয়েছে। কিন্তু এখন তারা শেষ প্রান্তে এসে পৌঁছেছে।
তিনি বলেন, “আমরা আর ছাড় দেব না। এবার আমরা জুলাই সনদের প্রতিশ্রুতি আদায় করে নেব। অন্তর্বর্তী সরকার শহীদদের রক্তের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত এই সরকার যেতে পারবে না, কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না।”
এনসিপির আহ্বায়ক আরও বলেন, জুলাই সনদে নির্দিষ্ট করা সংস্কারগুলোর মধ্যে রয়েছে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, সংবিধান সংস্কার, এবং স্বচ্ছ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা।
তিনি জনগণের প্রতি আহ্বান জানান, এই লড়াইয়ে একত্রিত হয়ে রাজপথে শক্তি প্রদর্শন করতে। “আমাদের শক্তি জনগণ। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব, যেখানে গণতন্ত্র ও ন্যায়বিচার নিশ্চিত হবে,” বলেন নাহিদ।
সম্মেলনে জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সোচ্চার ছিলেন। তারা সরকারের কাছে দ্রুত সংস্কারের রূপরেখা বাস্তবায়নের দাবি জানান এবং সতর্ক করে বলেন, জনগণের দাবি অগ্রাহ্য করলে রাজপথে আন্দোলন আরও তীব্র হবে।





