জুলাই অভ্যুত্থানের স্বপ্ন পূরণে ধর্ম-বর্ণ ভুলে ঐক্যের ডাক প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য ধর্ম, বর্ণ ও বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক বাণীতে তিনি জুলাই অভ্যুত্থানের ফল নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এই বাণীতে তিনি দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভকামনা ও অভিনন্দন জানান।
ড. ইউনূস বলেন, “অশুভ শক্তি, অন্যায় ও অন্ধকারকে পরাজিত করে শুভ চেতনার বিজয় ঘটুক। বাংলাদেশ সমৃদ্ধি ও কল্যাণের পথে এগিয়ে যাক—দুর্গাপূজার এই মুহূর্তে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা জানাই।”
তিনি আরও বলেন, “শারদীয় দুর্গাপূজা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একটি প্রধান ধর্মীয় উৎসব। হিন্দু ধর্মানুযায়ী, দেবী দুর্গা জগতের কল্যাণ কামনায় স্বর্গ থেকে পৃথিবীতে আগমন করেন। তিনি ভক্তদের মঙ্গল সাধন করেন, শত্রুর ধ্বংস করেন এবং সৃষ্টির পালন করেন। অশুভ শক্তির বিনাশ ও সত্য-সৌন্দর্যের আরাধনা এই উৎসবকে এক ব্যতিক্রমী তাৎপর্য দিয়েছে।”
তিনি উল্লেখ করেন, “বাংলাদেশ সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অসাধারণ ঐক্যের প্রতীক। জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে এবারের দুর্গাপূজা সারা দেশে উৎসাহ, উদ্দীপনা এবং নানা অনুষ্ঠানের মাধ্যমে নির্বিঘ্নে উদযাপিত হবে।”
তিনি আরও বলেন, “শান্তি, মৈত্রী ও সাম্য সকল ধর্মের মূল শিক্ষা। মানুষের কল্যাণই প্রতিটি ধর্মের প্রধান লক্ষ্য। তাই নিজ নিজ ধর্ম পালনের পাশাপাশি, মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহানুভূতি বজায় রেখে সমাজে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে হবে।”





