জিয়াউর রহমানের ইন্ধনেই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমান জেলহত্যার প্রধান কুশীলব। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ইন্ধনেই তার অনুগত সেনারা কারাগারের মধ্যে জাতীয় চার নেতাকে হত্যা করেছিল।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি আলোচনা করলে এটাই উঠে আসবে এবং উঠে আসা উচিত যে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ইন্ধনেই তার অনুগত সেনারা কারাগারের মধ্যে জাতীয় চার নেতাকে হত্যা করেছিল। সুতরাং তারা জেলহত্যা নিয়ে কী বলবে! তারা দায়টা স্বীকার করতে পারে। তাদের প্রতিষ্ঠাতা যেহেতু এই জেলহত্যার সাথে জড়িত, সেজন্য তারা এই দিবসের আলোচনায় অংশগ্রহণ করে না।
বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা নিয়ে প্রশ্ন করলে তীব্র নিন্দা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিচারপতি শামসুদ্দিন মানিক একজন উদারমনের মানুষ, গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করেন এবং মুক্তমত চর্চা করেন। স্বাধীনতার সপক্ষের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর তিনি। ছাত্রদলের ইন্ধনেই তার ওপরে হামলা হয়েছে এবং ছাত্রদলের চারজন গ্রেফতার হয়েছে। এতে এটিই প্রমাণিত হয় যে আমরা যে বলে আসছি- বিএনপি সারা দেশে নাশকতার ছক এঁকেছে, সেটি সত্য। এই আন্দোলনের আড়ালে তারা দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা করছে। সেটিরই বহিঃপ্রকাশ হচ্ছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা।
আরও পড়ুনঃ বান্দরবান ভ্রমণে ফের নিষেধাজ্ঞা





