জিএম কাদেরের রাজনীতি নিয়ে তীব্র সমালোচনা রিজভীর
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রাজনীতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “যিনি শেখ হাসিনার আমলে ভারত থেকে ফিরে সাংবাদিকদের বলেছিলেন, ‘ভারতের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না,’ তিনি বাংলাদেশে কীভাবে রাজনীতি করেন, এটাই সবচেয়ে বিস্ময়কর।”
রোববার (৩১ আগস্ট, ২০২৫) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “জাতীয় পার্টি দেশের জনগণের প্রতি বিশ্বাস রাখে না। ভারতের অনুমোদন ছাড়া যারা কথা বলতে পারে না, তারা কীভাবে নির্বাচনে অংশ নেবে? জনগণের মনে সন্দেহ জাগছে, তারা কি বিভিন্ন সন্ত্রাসী ও উসকানিমূলক কার্যকলাপে জড়িত?”
নুরুল হক নুরের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, “এই হামলা পূর্বপরিকল্পিত বলে আমার বিশ্বাস। নুরকে লক্ষ্য করে নির্মমভাবে আঘাত করা হয়েছে, এমনকি তাকে হত্যার উদ্দেশ্য ছিল। তিনি ফ্যাসিবাদী শাসনের শিকার ছিলেন, তাই তাকে আঘাত করার এবং হত্যার পরিকল্পনা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “নুর যে ঘটনার প্রতিবাদ করছিলেন, সেখানে কোনো সহিংস ঘটনা ঘটেনি। কিন্তু তার ওপর যে আক্রমণ হয়েছে, তা অত্যন্ত নৃশংস। আমি মনে করি, এটি একটি বৃহৎ চক্রান্তের অংশ। ৫ আগস্টের পরাজিত শক্তিরা এখন বিভিন্ন কৌশলে তাদের বিষদাঁত বসানোর চেষ্টা করছে।”





