“জনগন উৎসাহ উদ্দীপনা নিয়ে ঈদ এবং নববর্ষ উদযাপন করেছে”
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, জনগণই ভালো-মন্দ বলতে পারবে। তারা অস্বস্তিতে আছে কি না, নাকি স্বস্তিতে আছে। তবে আমি সবার মধ্যেই উৎসাহ উদ্দীপনা নিয়ে ঈদ এবং নববর্ষ উদযাপন করতে দেখেছি। এটাই আমার অভিজ্ঞতা। আমার মনে হয় উনি রাজনৈতিকভাবে এটা বলেছে এটা নিয়ে উত্তর দেওয়ার কিছু নাই।
আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ঈদের ছুটিতে ৫ দিন আমি আমার গ্রামে ছিলাম, মাঠে ঘাটে চলেছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। সবার মধ্যে একটা স্বস্তি দেখতে পেয়েছি। এছাড়া এবারের নববর্ষ শুধু ঢাকা শহরে নয় গ্রামেও যেভাবে উদযাপন হয়েছে, মেলা হয়েছে, সেখানে উৎসাহ-উদ্দীপনা দেখেছি।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা রমজান না সারাবছর নিরবিচ্ছিন্নভাবে নিত্যপণ্য সরবরাহের জন্য কাজ করে যাবো। আমদানি-রপ্তানি বাজিণ্যসহ সেই সঙ্গে আমাদের লোকাল সাপ্লাই চেইনগুলো শক্তিশালী করবো। আমাদের রমজানটা ব্যাপক চ্যালেঞ্জ ছিল সব কিছুর চাহিদা তিনগুণ বেড়ে যায়। এ জন্য আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল, এটা আমার জন্য বড় অভিজ্ঞতা। আপনারা জানেন আমরা দিল্লি থেকে পেঁয়াজ এনেছি। সেই সঙ্গে আমাদের তেল, চিনিসহ নিত্য যে সব পণ্য, সব পণ্য আমাদের পর্যাপ্ত ছিল। একই সঙ্গে দাম ঊর্ধ্বমুখী নয় নিন্মমুখী ছিল। এসব চ্যালেঞ্জ পার হয়ে আসছি।
চালের বস্তায় দাম লিখে দেওয়ার বিষয়ে কতদূর কী করলেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয় সঠিক উত্তর দিতে পারবে। সেই সঙ্গে কৃষি মন্ত্রণালয় আরও ভালো উত্তর দিতে পারবে। আমাদের মন্ত্রণালয়ের কোনো কিছু থাকলে আমরা সমন্বয় করবো। প্রত্যেকটি মন্ত্রণালয়ের যার যার কাজ করে। বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ হলো বাজার ব্যবস্থাপনা ও পণ্যের সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা। বিশেষ করে আমদানি করে যে সব জিনিস আনা হয়। আর লোকাল কৃষি পণ্য ও খাদ্য এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বললে ভালো হবে।
আরও পড়ুনঃ গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু ২৭ এপ্রিল





