জনগণের আস্থার প্রতীক হতে হবে পুলিশকে: রাজারবাগে স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে পুলিশ বাহিনীকে পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার দুপুরে ডিএমপি ট্রেনিং একাডেমি রাজারবাগে আয়োজিত এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনকালে তিনি এই নির্দেশনা দেন।
নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে আয়োজিত এই কর্মশালায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব যেখানে পুলিশের ভূমিকা অপরিসীম। তিনি স্পষ্ট করে বলেন: মাঠে অবস্থানরত প্রত্যেক পুলিশ সদস্যকে জনগণের আস্থার প্রতীক হতে হবে। নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে পুলিশকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তীকালীন সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে আধুনিক কলাকৌশলে দক্ষ করে তোলা হচ্ছে যাতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়ানো যায়।





