চীনে ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী
চীনে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বহু হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার এক বার্তায় দেশটির জনগণ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
বার্তায় শেখ হাসিনা বলেন, ২০২৩ সালের ১৮ ডিসেম্বর রাতে চীনের গানসু প্রদেশে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষের মর্মান্তিক ক্ষয়ক্ষতি এবং সম্পত্তি ও অবকাঠামো ধ্বংসের কথা জেনে আমি গভীরভাবে মর্মাহত। এই মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ এবং তাদের শোকাহত পরিবারের সদস্য যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের বন্ধু হিসেবে বাংলাদেশের জনগণ ও সরকার বন্ধুপ্রতীম চীনা জনগণের কষ্টের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছে।
চীনা রাষ্ট্রপতি শি’র ঘনিষ্ঠ দিকনির্দেশনা ও দৃঢ়তায় শিগগিরই গানসু প্রদেশের জনগণের জীবন স্বাভাবিক হবে বলে আশাবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুনঃ “কৃষিমন্ত্রীর পুরো বক্তব্য সঠিকভাবে উপস্থাপন করা হয়নি”





