চার টার্মিনাল সরিয়ে রাজধানীকে স্বস্তি দিতে সরকারের নতুন উদ্যোগ
রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে বড় ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত নগর ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিয়ন্ত্রণবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি ঢাকার চারটি প্রধান আন্তজেলা বাস টার্মিনাল দ্রুত রাজধানীর বাইরে স্থানান্তরের নির্দেশনা দেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু সাংবাদিকদের জানান, শহরের ভেতরে অবস্থিত বড় বাস টার্মিনালগুলো যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হওয়ায় এগুলোকে নতুন স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, বর্তমানে গুলিস্তান-ফুলবাড়িয়া এলাকায় থাকা বাস টার্মিনাল স্থানান্তর করা হবে কেরানীগঞ্জে। মহাখালী বাস টার্মিনাল প্রথমে অস্থায়ীভাবে পূর্বাচলে নেওয়া হবে, পরে স্থায়ীভাবে টঙ্গীর কাছাকাছি এলাকায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে। গাবতলী টার্মিনালের নতুন ঠিকানা হবে হেমায়েতপুর এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী টার্মিনাল সরিয়ে নেওয়া হবে কাঁচপুর এলাকায়।
এ ছাড়া রাজধানীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে গড়ে ওঠা বিচ্ছিন্ন বাস কাউন্টারগুলোও নির্দিষ্ট জায়গায় স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বৈঠকে ঢাকার ট্রাফিক ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক করার নানা উদ্যোগ নিয়েও আলোচনা হয়। বিশেষ করে সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নজরদারি ক্যামেরা ও উন্নত ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার কার্যকারিতা তুলে ধরা হয়। ইতোমধ্যে যেসব স্থানে পরীক্ষামূলকভাবে এ ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, সেখানকার ইতিবাচক ফলাফলে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে মন্ত্রিসভার সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, দুই সিটি করপোরেশনের প্রশাসক, রাজউকের চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে রাজধানীর সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো এবং নাগরিক ভোগান্তি কমাতে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।





