গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয়ের ব্যাখ্যা চাইল বিটিআরসি
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের আড়াই ঘণ্টা নেটওয়ার্ক বিপর্যয়ের বিষয়ে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে ।
আজ বৃহস্পতিবার দুপুরে গ্রামীণফোনে দেশব্যাপী আড়াই ঘণ্টা নেটওয়ার্ক বিপর্যয় দেখা দেয়।
বিটিআরসির পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগ) মো. গোলাম রাজ্জাক স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়েছে, জাতীয় জরুরি অবস্থা বিবেচনায় গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয়ের সঠিক কারণ ব্যাখ্যাসহ অতি দ্রুত জানাতে হবে। একই সঙ্গে জরুরি ভিত্তিতে দেশব্যাপী গ্রামীণফোনের নেটওয়ার্ক নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
চিঠিতে গ্রাহকের কাছ থেকে পাওয়া অসংখ্য অভিযোগের ব্যাপারেও উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়, দেশব্যাপী মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক পাওয়ায় বিঘ্নতার সৃষ্টি হচ্ছে। গ্রাহক সংখ্যা বিবেচনায় দেশের শীর্ষ মোবাইল অপারেটর হিসেবে গ্রামীণফোনের গ্রাহকরা মোবাইল নেটওয়ার্ক পেতে বাধাগ্রস্ত হওয়ায় তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এদিকে জানা গেছে রাস্তা মেরামত করতে গিয়ে ফাইবার অপটিক ক্যাবল কাটা পরায় এই সমস্যার সৃষ্টি হয়। পরে দুপুরে ফাইবার অপটিক ক্যাবল মেরামত করার পর গ্রামীণফোনের নেটওয়ার্ক স্বাভাবিক হয়।
এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খাইরুল বাশার এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা জানান।
আরও পড়ুনঃ কৃষিবিদদের গবেষণা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী





